রাজনীতি

বিএনপি থেকে পদত্যাগ করলেন ১৫০ নেতাকর্মী

  fastbangla ৩১ জানুয়ারী ২০২৬ , ৫:২৪ এএম প্রিন্ট সংস্করণ

৭৮

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মুন্সিগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল চরম আকার ধারণ করেছে। দলীয় মনোনয়ন নিয়ে অসন্তোষ এবং অগণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতাকর্মীদের বহিষ্কারের প্রতিবাদে একযোগে পদত্যাগ করেছেন জেলা ও উপজেলা বিএনপির অন্তত ৬৭ জন পদধারী নেতা। গত দুই দিনে সাধারণ নেতাকর্মীসহ মোট পদত্যাগকারীর সংখ্যা প্রায় ১৫০ জনে দাঁড়িয়েছে।

গতকাল শুক্রবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে মুক্তারপুর পুরাতন ফেরিঘাট এলাকায় সদর উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই গণ-পদত্যাগের ঘোষণা দেওয়া হয়। পদত্যাগপত্র পাঠ করেন জেলা বিএনপির সাবেক সদস্য আতোয়ার হোসেন বাবুল। সেচ্ছায় পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় হাসান ছোট বিজয়, মুন্সিগঞ্জ শহর ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. আশ্রাফুজ্জামান অভি, জেলা বিএনপির সদস্য ও সাবেক চেয়ারম্যান আবু বকর মাদবর, জেলা বিএনপির সদস্য মাহবুবুর রহমান খাঁন, মিরকাদিম পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বকুল, মিরকাদিম পৌর মহিলা দলের সদস্য সচিব, জিয়াসমিন আক্তার ময়না, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম শেখ, মুন্সিগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব আলমগীর সামি, আধারা ইউনিয়নের মো. দেলোয়ার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।