fastbangla ১০ ফেব্রুয়ারী ২০২৬ , ৭:২৬ পিএম প্রিন্ট সংস্করণ
বগুড়া প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে সাংবাদিকদের জন্য নির্বাচন পর্যবেক্ষণ কার্ড ও যানবাহনের স্টিকার বিতরণে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে বগুড়া জেলা প্রশাসনের বিরুদ্ধে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।
বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাস এবং সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ এক যৌথ বিবৃতিতে বলেন, সরকার অনুমোদিত ও নিবন্ধিত গণমাধ্যমকর্মীদের জন্য বরাদ্দকৃত নির্বাচন পর্যবেক্ষণ কার্ড বগুড়ায় বিতরণ করা হয়েছে অসংখ্য অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও পত্রিকার নামে। এতে প্রকৃত ও জ্যেষ্ঠ সাংবাদিকদের একটি বড় অংশ কার্ড থেকে বঞ্চিত হয়েছেন।
বিবৃতিতে অভিযোগ করা হয়, পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসর, যুবলীগ নেতা এবং সংশ্লিষ্ট ক্যাডারদের হাতেও সাংবাদিক পরিচয়ে নির্বাচন পর্যবেক্ষণ কার্ড ও যানবাহনের স্টিকার তুলে দেওয়া হয়েছে, যা নির্বাচনের পরিবেশের জন্য মারাত্মক হুমকি।
এ বিষয়ে মোকামতলা মডেল প্রেসক্লাবের সভাপতি খালিদ হাসানও আলাদা বিবৃতিতে প্রতিবাদ জানান। তিনি বলেন, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে কেউ যেন নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে না পারে, সে বিষয়ে জেলা প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে এর দায় জেলা প্রশাসনকেই নিতে হবে।
সাংবাদিক নেতারা আশঙ্কা প্রকাশ করে বলেন, জেলা প্রশাসনের অব্যবস্থাপনার সুযোগে একটি মহল সাংবাদিকতার কার্ড অপব্যবহার করে ভোটের দিন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়াতে পারে। এমন কোনো ঘটনার দায়ভার জেলা প্রশাসন এড়াতে পারে না।
এ ঘটনায় বগুড়া প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন বগুড়া এবং মোকামতলা মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে নির্বাচন পর্যবেক্ষণ কার্ড বিতরণে অনিয়ম ও অব্যবস্থাপনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে বিতর্কিত কার্ড বাতিল করে যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত সাংবাদিকদের কার্ড দেওয়ার দাবি জানানো হয়েছে।





