অপরাধ

ভুয়া ডিবি-পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: বগুড়ায় ৭ সদস্য গ্রেফতার

  fastbangla ৬ মে ২০২৬ , ১:২০ পিএম প্রিন্ট সংস্করণ

৫২

ভুয়া ডিবি-পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: বগুড়ায় ৭ সদস্য গ্রেফতার

বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ভুয়া ডিবি, পুলিশ ও সাংবাদিক পরিচয়ে ইজিবাইক ও অটোরিকশা চুরি করা একটি সংঘবদ্ধ চক্রের সর্দারসহ ৭ সদস্যকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে ৪টি চোরাই ইজিবাইক, ২টি ওয়াকিটকি সেট, একটি প্রাইভেটকার ও ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ২৫ এপ্রিল টিএমএসএস হাসপাতালে এক চালককে ভয়ভীতি দেখিয়ে তার ইজিবাইক ছিনতাই করা হয়। এ ঘটনায় ৫ মে মামলা হলে ডিবি ও সদর থানা যৌথ অভিযান চালিয়ে চারমাথা এলাকা থেকে চক্রের মূল হোতাসহ ৫ জনকে আটক করে।

পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রংপুরের হারাগাছ এলাকায় অভিযান চালিয়ে আরও ২ জনকে গ্রেফতার এবং চুরি হওয়া ইজিবাইকসহ মোট ৪টি ইজিবাইক উদ্ধার করা হয়।

তদন্তে জানা গেছে, চক্রটি দীর্ঘদিন ধরে বগুড়াসহ বিভিন্ন এলাকায় ভুয়া পরিচয়ে চালকদের ভয় দেখিয়ে ইজিবাইক ছিনতাই করে অন্যত্র বিক্রি করত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।