fastbangla ৭ মে ২০২৬ , ১০:৩৬ এএম প্রিন্ট সংস্করণ
বগুড়া প্রতিনিধি:
অবশেষে বগুড়ার আকাশে ডানা মিলবে বিমান। আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে বগুড়া গড়ে উঠবে। দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের সাথে রাজধানীর আকাশপথে যোগাযোগ সুদৃঢ় করার লক্ষ্যে বগুড়া এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা আন্তর্জাতিক মানসম্পন্ন বিমানবন্দরে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।
একই সাথে ফ্লাইং অ্যাকাডেমি চালু করে প্রশিক্ষণ দিয়ে পাইলট গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার।
আজ বৃহস্পতিবার (৭ মে) বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী, প্রতিমন্ত্রী, বিমান বাহিনী প্রধান বগুড়া এয়ারফিল্ড পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানানো হয়।
জানা গেছে, ১৯৯৫ সালে বিএনপি সরকার আমলে বগুড়া বিমানবন্দর স্থাপনে ২২ কোটি টাকার প্রকল্প অনুমোদনে বগুড়া সদর উপজেলার এরুলিয়া এলাকায় বগুড়া-নওগাঁ সড়কের পাশে ১০৯ দশমিক ৮১ একর জমি অধিগ্রহণ করা হয়। পরবর্তীতে প্রকল্পের আওতায় রানওয়ে, কার্যালয় ভবন ও কর্মকর্তাদের আবাসিক ভবন, বিদ্যুৎ ও পানি সরবরাহ, রাস্তা নির্মাণসহ সকল অবকাঠামো নির্মাণ শুরু হয়। ২০০০ সালে এ প্রকল্পের কাজ শেষ হওয়ার ২ যুগ পরেও বগুড়ার আকাশে ডানা মেলেনি বিমান।
দীর্ঘদিন পর বঞ্চিত বগুড়াবাসী আশায় বুক বাঁধতে শুরু করেছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বগুড়া এয়ারফিল্ড পরিদর্শন করেন মন্ত্রী প্রতিমন্ত্রী, বিমান বাহিনী প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরিদর্শন শেষে ব্রিফিংকালে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেন, উত্তরাঞ্চলের কোন আন্তর্জাতিক বিমানবন্দর নেই। সেজন্য বগুড়াকে গুরুত্ব দেয়া হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর হবে। আমাদের যাত্রা বগুড়া দিয়ে শুরু করেছি। পাশাপাশি ফ্লাইং অ্যাকাডেমি চালু করা হবে। এখানে, প্রশিক্ষণ দিয়ে পাইলট গড়ে তোলা হবে। এই অঞ্চলের কৃষি, শিল্প ও পর্যটন খাতে অত্যন্ত সম্ভাবনাময় বগুড়া। এ অঞ্চলের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করতে অবকাঠামোগত উন্নয়ন এখন সময়ের দাবি।
তিনি আরও বলেন, দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের সাথে রাজধানীর আকাশপথে যোগাযোগ সুদৃঢ় করার লক্ষ্যে বগুড়া এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা আন্তর্জাতিক মানসম্পন্ন বিমানবন্দরে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি ফ্লাইং অ্যাকাডেমি চালু করা হবে এখানে, প্রশিক্ষণ দিয়ে পাইলট গড়ে তোলা হবে।
এসময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বিমানবাহিনীর ঘাঁটি হচ্ছে বগুড়ায়, যা উত্তরাঞ্চলবাসীর জন্য সুখবর। এখানে পাইলটদের জন্য ট্রেনিং সেন্টার হবে, এখানে বিমানবাহিনীর পাশাপাশি বেসামরিক মানুষের ছেলেমেয়েরা যারা শিক্ষিত তারা এখানে ট্রেনিং নিতে পারবে। যেখানে সবাই প্রশিক্ষণ নিতে পারবে। আন্তর্জাতিক বিমানবন্দর গড়তে ১০ হাজার ৫শ ফুট রানওয়ে প্রস্তুত করা হবে। এখানে আন্তর্জাতিক, অভ্যন্তরীণ বিমান ও কার্গো বিমান উঠানামা করবে। এই অঞ্চলের কৃষি, শিল্প থেকে উৎপাদিত পণ্য আমরা রপ্তানি করতে পারবো।
বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি আর বগুড়াবাসীর ডাবি অনুযায়ী এখানে আন্তর্জাতিক বিমানবন্দর হবে। সেজন্য যা কাজ করা দরকার স্থানীয় সংসদ সদস্যসহ সবার সহযোগিতায় এটা দ্রুত শুরু করা হবে।
বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় বিমানবাহিনীর ঘাঁটি করতে প্রাথমিক অনুমোদন করেছেন। যা অচিরেই প্রস্তুত করা হবে। উত্তরাঞ্চলের মধ্যে বিমানবাহিনীর ঘাঁটি হচ্ছে বগুড়ায়, যা হবে অত্যাধুনিক।
এসময় বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন











