ফাস্ট বাংলা নিউজ ডেস্ক ২২ ফেব্রুয়ারী ২০২৬ , ৩:৫৬ এএম প্রিন্ট সংস্করণ
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় অধিকার মানবকল্যাণ সংস্থার উদ্যোগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার সকাল ১০টায় মোকামতলা কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনের অর্ধশতাধিক সদস্য অংশ নেন। কর্মসূচির শুরুতে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় সংগঠনের সভাপতি সাংবাদিক খালিদ হাসান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন। তিনি বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই বাঙালি জাতি মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করেছে। বাংলা ভাষার সঠিক ব্যবহার ও চর্চায় সবাইকে সচেতন থাকতে হবে।
এ সময় সংগঠনের সদস্য রকি মিয়া, ইফতেখায়রুল ইসলাম রানা, শাওন ইসলাম, মাহমুদুল হাসান, মাসুদ রানা, আব্দুল মোত্তালিব, ফারুক হোসাইন, আবু তাহের, তারেক হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।





