খেলা-ধুলা

বগুড়াতেও নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন

  fastbangla ২ মে ২০২৬ , ২:০৫ পিএম প্রিন্ট সংস্করণ

৩৮

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও বিকাশের লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ মে ২০২৬) বিকাল ৪টায় দেশের প্রতিটি জেলায় একযোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সিলেট থেকে সরাসরি এবং অন্যান্য জেলায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, মেধাবী ও ক্রীড়াবান্ধব হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিশু-কিশোররাই আগামীর বাংলাদেশ বলেও তিনি মন্তব্য করেন।

বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভার্চুয়াল উপস্থিতির পাশাপাশি সরাসরি উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। এ সময় আরও উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা এবং বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাদের যথাযথ প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা হলে ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্য আরও বৃদ্ধি পাবে।