সারাদেশ

কাহালুতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন, কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

  খালিদ হাসান ২৬ ফেব্রুয়ারী ২০২৬ , ৯:৩৮ এএম প্রিন্ট সংস্করণ

১৫৮

বগুড়ার কাহালু উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের দায়ে একটি কারখানাকে তিন লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) শেখাহার এলাকায় পরিচালিত যৌথ অভিযানে এই জরিমানা করা হয়।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া জেলা কার্যালয়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‍্যাব-১২ বগুড়ার যৌথ উদ্যোগে অভিযান পরিচালিত হয়। অভিযানে শেখাহার এলাকার “ভাই ভাই লাচ্ছা সেমাই” কারখানায় বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

অভিযান সূত্রে জানা যায়, কারখানাটিতে ময়লাযুক্ত পায়ে সেমাই তৈরির ময়দার ডো প্রস্তুত করা হচ্ছিল। এছাড়া অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, টয়লেটের দরজার পাশে সেমাই প্যাকেটজাত ঝুড়ি সংরক্ষণ, পোড়া তেল ও ডালডা ব্যবহার এবং শ্রমিকদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি উপকরণ ব্যবহার না করার মতো গুরুতর অনিয়ম ধরা পড়ে।

এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেলের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদি হাসানসহ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বগুড়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অভিযানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে র‍্যাব-১২ বগুড়া ও জেলা পুলিশের সদস্যরা।

অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ভবিষ্যতে সরকারি আইন ও বিধিমালা মেনে নিরাপদ খাদ্য উৎপাদনের নির্দেশনা দেওয়া হয় বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।