fastbangla ২৭ এপ্রিল ২০২৬ , ১০:৫৭ এএম প্রিন্ট সংস্করণ
মিনহাজ আলী, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শিবগঞ্জে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “প্রগতি কল্যাণ সংস্থা”। সংগঠনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক সমস্যা সমাধান ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় কিশোরীদের পিরিয়ডকালীন সুরক্ষা নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ কার্যক্রম শুরু করেছে সংগঠনটি।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আটমুল ইউনিয়নের বেতগাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে ছাত্রীদের জন্য স্যানিটারি ন্যাপকিন তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। এসময় তিনি বলেন, “দেশে এখনও মাত্র এক-তৃতীয়াংশ নারী পিরিয়ডকালীন সময়ে স্যানিটারি প্যাড ব্যবহার করেন। বাকিরা অস্বাস্থ্যকর পদ্ধতি ব্যবহার করায় নানা ধরনের স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। তাই এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।”
তিনি আরও বলেন, “এ ধরনের উদ্যোগ কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।”
এসময় উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মোমিন, প্রগতি কল্যাণ সংস্থার সভাপতি রশিদুর রহমান রানা, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান, সদস্য প্রভাষক মাহফুজার রহমান, মোহাম্মদ আলীসহ অন্যান্যরা।
উল্লেখ্য, প্রগতি কল্যাণ সংস্থা আগামীতেও কিশোরীদের মাঝে নিরাপদ স্যানিটারি প্যাড বিতরণ ও স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা নিয়েছে।











